করোনাভাইরাস ঠেকাতে মাস্কের কোনো বিকল্প নেই। প্রথমে মানুষ এটা গ্রহণ না করলেও এখন বাংলাদেশের পথেঘাটে বেশির ভাগ মানুষের মুখে মাস্ক দেখা যায়। এর মাঝেই যাঁরা প্রযুক্তি নিয়ে ঘাঁটাঘাঁটি করেন, তাঁরা এই সাধারণ মাস্কে যুক্ত করে দিয়েছেন কৃত্রিম বুদ্ধিমত্তা। এমনই এক ‘স্মার্ট মাস্ক’ বানিয়ে হৈচৈ ফেলে দিয়েছে জাপানি স্টার্টআপ সংস্থা ডোনাট রোবটিকস। জাপানি থেকে আটটি পৃথক ভাষায় অনুবাদ করার বিশেষ ক্ষমতা রয়েছে এই ‘স্মার্ট মাস্কে’র। ৪০ ডলার দামের এই মাস্কটিকে স্মার্টফোন বা ট্যাবের সঙ্গে ব্লুটুথের মাধ্যমে যুক্ত করা যায়। এর ফলে স্পিচ ইনটু টেক্স মেসেজ (অর্থাত্ আপনাকে মেসেজ লিখতে হবে না, কিছু বললেই এই অত্যাধুনিক প্রযুক্তির মাস্ক সেটা লিখে নির্দিষ্ট জায়গায় পাঠিয়ে দেবে), ফোন করাসহ একাধিক পরিষেবা পাবেন ব্যবহারকারী। শুধু তা-ই নয়, মুখ ঢাকা অবস্থায় গলার আওয়াজ কমে যাওয়ার মতো সমস্যার সমাধানও করবে এই স্মার্ট মাস্ক।
