বছরের শুরুতে পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে। নতুন বছরের তৃতীয় কার্যদিবসে গতকাল বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ব্যাপক উত্থান হয়েছে। সেইসঙ্গে লেনদেন ছাড়িয়েছে ৯০০ কোটি টাকার ঘর। দিনশেষে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৯২৪ কোটি ৯০ লাখ ৯২ হাজার টাকায়। যা ডিএসইতে সাড়ে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসইতে মোট ৩৪৫টি কোম্পানির ২৬ কোটি ৯৪ লাখ ৮৬ হাজার ৮২৪টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৯২৪ কোটি ৯০ লাখ ৯২ হাজার ৫৭ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৯৪ পয়েন্ট বেড়ে ৫৫৯০ দশমিক ৪৭ পয়েন্ট, ডিএস-৩০ মূল্যসূচক ২৯ পয়েন্ট বেড়ে প্রায় ১৯৪২ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ২১ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে ১২৭১ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩০৩ টির, কমেছে ৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৯টি কোম্পানির শেয়ার।
লেনদেনের শীর্ষে ছিল, সায়হাম কটন, বেক্সিমকো লি., বিবিএস কেবলস, প্যারামাউন্ট টেক্সটাইল, ইউনাইটেড পাওয়ার, জেএমআই সিরিঞ্জ, শেফার্ড ইন্ডা., ইফাদ অটোস, খুলনা পাওয়ার ও ইনটেক লি.।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো, ইউনাইটেড ইন্সু., সিভিও পিআরএল, ইয়াকিন পলিমার, বীকন ফার্মা, জনতা ইন্সু., কন্টিনেন্টাল ইন্সু., ফিনিক্স ইন্সু., লাফার্জ হোলসিম বাংলাদেশ, অ্যাপোলো ইস্পাত ও ফেডারেল ইন্সু.।
অপরদিকে গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩০২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ১৬৬ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৭৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২৩৮টির, কমেছে ২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টির।
