কাগুজে সংস্কার দিয়ে ডুইং বিজনেস সূচকে উন্নয়ন সম্ভব নয়

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৯, ২১:২৬

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)’র নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম বলেন, কাগুজে সংস্কার দিয়ে ব্যবসা পরিচালনা (ডুইং বিজনেস) সূচকে উন্নয়ন সম্ভব নয়, এর জন্য প্রয়োজন বাস্তবমুখী সিদ্ধান্ত গ্রহণ ও তার যথাযথ বাস্তবায়ন। তিনি ব্যবসা পরিচালনার সূচকের সঙ্গে সরাসরিভাবে সম্পৃক্ত সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে একটি টাস্কফোর্স প্রণয়নের প্রস্তাব করেন। তিনি আরও বলেন, দুর্নীতির কারণে আমাদের দেশে ব্যবসার ব্যয় বৃদ্ধি পাচ্ছে এবং দুর্নীতির বিষয়ে ‘জিরো টলারেন্স’ মনোভাবের বাস্তবায়ন না হলে, ব্যবসা পরিচালনার সূচকে উল্লেখযোগ্য অগ্রগতি আশা করা সম্ভব নয়।

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং বিজনেস ইনিশিয়েটিভ ফর লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড) যৌথভাবে আয়োজিত ‘ব্যবসা পরিচালনার সূচকে উন্নয়ন’ বিষয়ে সংলাপ গতকাল ডিসিসিআই মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ঢাকা চেম্বারের সভাপতি ওসামা তাসীর-এর সঞ্চালনায় বিডার নির্বাহী চেয়ারম্যান প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বাণিজ্য সচিব মো. মফিজুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ঢাকা চেম্বারের সভাপতি ওসামা তাসীর বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ব্যবসা পরিচালনার সূচকে উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করতে পারেনি উল্টো ১ ধাপ পিছিয়ে ১৭৬তম স্থানে রয়েছে। তিনি এ অবস্থার উত্তরণের লক্ষ্যে সরকার প্রণীত সকল নীতিমালার মধ্যে সমন্বয় বৃদ্ধি, আর্থিক কাঠামোর সংস্কার, কর হার কমানো এবং কর বিষয়ক নীতিমালার সংস্কার, অবকাঠামো খাতের দ্রুত উন্নয়ন, মেগা প্রকল্প সমূহের কর্মকাণ্ড নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা প্রভৃতি বিষয় একান্ত অপরিহার্য। দেশে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ উন্নয়নে বিডা গৃহীত ‘ওয়ান স্টপ সার্ভিস’ দ্রুত চালু করার জন্য বিডার প্রতি তিনি আহ্বান জানান। 

স্বাগত বক্তব্যে বিল্ড-এর চেয়ারম্যান মাহবুবুল আলম বলেন, বাংলাদেশে একটি ব্যবসা-বাণিজ্য সহায়ক পরিবেশ তৈরিতে বিল্ড প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে এবং ইতোমধ্যে এ লক্ষ্যে বিল্ডের পক্ষ হতে নীতিমালা সংস্কার বিষয়ে ১৯৭টি সুপারিশ উপস্থাপন করা হয়েছে, যার মধ্যে ২০১৮ সালে ৬৩টি সুপারিশ সরকার গ্রহণ করে সেগুলো সংস্কারের উদ্যোগ নিয়েছে।

অনুষ্ঠানে বিশ্বব্যাংক গ্রুপের সিনিয়র প্রাইভেট সেক্টর স্পেশালিস্ট শিহাব আনসারী আজহার মূল প্রবন্ধ উপস্থাপন করেন। মূল প্রবন্ধে তিনি বলেন, ব্যবসা পরিচালনার সূচক অনুযায়ী ২০১৪ সালে ভারতের অবস্থান ছিল ১৪২, তবে প্রয়োজনীয় নীতিমালা সংস্কারের মাধ্যমে ২০১৮ সালে ভারত ৭৭তম স্থানে উঠে এসেছে এবং এ জন্য ভারতীয় সরকার আলোচ্য সময়ে প্রায় ৭,৭৫৮টি নীতিমালার সংস্কার করেছে। তিনি এ জন্য সরকারের সর্বোচ্চ পর্যায়ের একাগ্রতা, সরকারি প্রতিষ্ঠানসমূহের সক্ষমতা বাড়ানো, দক্ষ মানব সম্পদ তৈরি, সংশ্লিষ্ট স্টেকহোল্ডাদের মধ্যে সমন্বয় বৃদ্ধি, তথ্য-প্রযুক্তির ব্যবহার বাড়ানো ও অনলাইন সেবা চালু, জনগণের মাঝে সচেতনতা বাড়ানো প্রভৃতি বিষয়কে গুরুত্বপূর্ণ নিয়ামক বলে উল্লেখ করেন।