দুই উপজেলার সঙ্গে পীরগঞ্জের যোগাযোগ বিচ্ছিন্ন
বাইপাস ভেঙে যোগাযোগবিচ্ছিন্ন হওয়ার বিষয়ে দুঃখ প্রকাশ করে বিকল্প পথে চলাচলের জন্য জনসাধারণকে অনুরোধ জানিয়ে পীরগঞ্জ পূর্ব চৌরাস্তায় বিজ্ঞপ্তি প্রকাশ করে সাইনবোর্ড টাঙিয়েছেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা
পীরগঞ্জ-রাণীশংকৈল প্রধান সড়কের গণিরহাট এলাকায় নির্মাণাধীন অন্তার ব্রিজের বাইপাস সড়ক কয়েক দিনের টানা ভারী বর্ষণে পানির তোড়ে ভেঙে গেছে। এতে গত বৃহস্পতিবার রাত থেকে দুই উপজেলার সঙ্গে পীরগঞ্জের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে দুর্ভোগে পড়েছে হাজারো সাধারণ মানুষ। এতে অতিরিক্ত সময় ব্যয় ও অর্থ খরচসহ চরম ভোগান্তিতে পড়েছেন তারা।
সোমবার সকালে পীরগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে রাণীশংকৈলগামী ফারহানা আক্তার শ্রাবনী অন্তার ব্রিজে এসে দুর্ভোগে পড়েন। পরে এলাকাবাসীর কথা শুনে বুঝতে পারেন তাকে প্রায় ২০ কিলোমিটার পথ বেশি ঘুরে তার কর্মস্থলে যেতে হবে। একই ভোগান্তিতে পড়া আরেক পথচারী হাফিজুল ইসলাম বলেন, ‘অন্তার ব্রিজ এলাকার বাইপাস ভেঙে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ কারণে অসুস্থ আত্মীয়কে দেখতে যেতে পারলাম না। মাঝ রাস্তা থেকে ফিরে আসতে হলো।’
জানা যায়, সড়ক ও জনপথ বিভাগের অধীনে গোপালগঞ্জের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের আওতায় পীরগঞ্জ-রাণীশংকৈল সড়ক প্রশস্তকরণ কাজ চলছে। সেই কাজের অংশ হিসেবে ঐ সড়কের গণিরহাট এলাকায় নতুন ব্রিজ নির্মাণ কাজ হচ্ছে। যোগাযোগ সচল রাখতে নির্মাণাধীন ব্রিজের পার্শ্বে ঐ ঠিকাদারি প্রতিষ্ঠান দায়সাড়াভাবে একটি বাইপাস সড়ক নির্মাণ করে। যা গত কয়েক দিনের বর্ষণে পানির তোরে ভেঙে যায়। এতে গত বৃহস্পতিবার রাত থেকেই ঠাকুরগাঁও-পীরগঞ্জ হয়ে রাণীশংকৈল ও হরিপুর উপজেলায় চলাচলকারী সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ২০ কিলোমিটার পথ ঘুরে পীরগঞ্জ-নেকমরদ সড়কের কাতিহার হয়ে রাণীশংকৈলে যাতায়াত করছেন ভারী যানবাহনসহ পথচারীরা।
বাইপাস ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়ে দুঃখ প্রকাশ করে বিকল্প পথে চলাচলের জন্য জনসাধারণকে অনুরোধ জানিয়ে পীরগঞ্জ পূর্ব চৌরাস্তায় বিজ্ঞপ্তি প্রকাশ করে সাইনবোর্ড টাঙিয়েছেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী।
ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল করিম বলেন, ‘সড়ক ও জনপথ বিভাগের ঠাকুরগাঁওয়ের নির্বাহী প্রকৌশলীকে বিষয়টি জানানো হয়েছে। তিনি সেখানে অস্থায়ীভাবে বেইলি ব্রিজ নির্মাণ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে বলেছেন বলে জানিয়েছেন। আশা করছি দ্রুত সেখানে অস্থায়ী বেইলি ব্রিজ নির্মাণ করা হবে। এতে জনগণের দুর্ভোগ কমবে।’
