বরিশাল অফিস
বরিশালের করোনাযোদ্ধা জেলা প্রবেশন অফিসার ও সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ এবং পুনর্বাসন কেন্দ্রের ব্যবস্থাপক সাজ্জাদ পারভেজ শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। করোনা প্রেক্ষাপটে বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে অসহায় খেটে খাওয়া মানুষের বাড়ি বাড়ি গিয়ে ঝুঁকি নিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন। রাস্তায় কুড়িয়ে পাওয়া বৃদ্ধা, শিশুসহ মানসিক ভারসাম্যহীনদের চিকিত্সাসেবা দেওয়াসহ বিভিন্ন কার্যক্রমে বরিশালে দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।
২০১৭ সালে জেলা প্রশাসন পদক এবং ২০১৮ সালে শ্রেষ্ঠ প্রবেশন অফিসার পদক পেয়েছিলেন তিনি। ২০১৯-২০ অর্থবছরে শুদ্ধাচার পুরস্কারে মনোনীত হওয়ায় সোমবার বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান বলেন, স্বীয় কর্মদক্ষতা এবং সৃজনশীলতার মাধ্যমে সরকারের নানান কর্মসূচি বাস্তবায়নে প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজের কার্যক্রম প্রশংসনীয়।
