কাদা-পানিতে একাকার রাস্তা

আপডেট : ২৯ জুন ২০২০, ২১:৫০

ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা

ঝিনাইগাতী উপজেলার বনগাঁও-আহমদনগর রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এ পথে যাতায়াতকারী শত শত মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। উপজেলার গৌরীপুর ইউনিয়নের বনগাঁও বাজার থেকে সদর ইউনিয়নের আহমদনগর পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার রাস্তা পাকাকরণের দাবি গ্রামবাসীর দীর্ঘদিনের। গৌরীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রবিউল ইসলাম জানান, এ পথে শুষ্ক মৌসুমে যেমন-তেমন বর্ষা মৌসুমে পথচারীদের দুর্ভোগের সীমা থাকে না। ঝিনাইগাতী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন ও গৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান মন্টু বলেন, রাস্তাটি পাকাকরণের বিষয়ে উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় বহুবার আলোচনা হয়েছে। আশ্বাসও পাওয়া গেছে। কিন্তু আজও বাস্তবায়িত হয়নি। উপজেলা প্রকৌশলী মোজাম্মেল হক বলেন, রাস্তাটি নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন হলেই নির্মাণ করা হবে।