সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক ও কামারখন্দের জামতৈল হাজি কোরপ আলী ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি এনামুল হক বিজয়কে কুপিয়ে আহত করার অভিযোগে একই কমিটির দুই নেতাকে সাময়িক বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি। হামলায় আহত ছাত্রলীগ নেতাকে ঢাকায় পাঠানো হয়। বহিষ্কৃতরা হলেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শিহাব আহম্মেদ জিহাদ ও আল আমিন।
রবিবার রাতে এসংক্রান্ত চিঠি পাওয়ার কথা স্বীকার করে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ বিন আহম্মেদ জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শিহাব ও আল আমিনকে দল থেকে সাময়িক বহিষ্কার করেছে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি। এদিকে হামলার ঘটনায় বিজয়ের বড় ভাই রুবেল বাদী হয়ে ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীর বিরুদ্ধে সদর থানায় মামলা করেন। বহিষ্কৃতরা ঐ মামলার প্রধান আসামি।
