চলন্ত ট্রাকের ছাদে বিদ্যুতের তারে জড়িয়ে হেলপারের মৃত্যু

আপডেট : ২৯ জুন ২০২০, ২১:৫৪

নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা

নালিতাবাড়ীতে রবিবার রাতে খড় বোঝাই চলন্ত ট্রাকের ছাদে বিদ্যুতের হাই ভোল্টেজের তাড়ে জড়িয়ে হেলপারের মৃত্যু হয়েছে। নিহতের নাম আলামিন (১৮)। সে নকলা উপজেলার ছত্রকোনা গ্রামের আব্দুল মতিন মিয়ার ছেলে। স্থানীয়রা এবং পুলিশ জানায়, শেহড়াতলী এলাকার এক কৃষকের কাছ থেকে খড় কিনে ট্রাক বোঝাইয়ের পর নালিতাবাড়ীর শহরের দিকে আসছিল। এ সময় ট্রাকের ছাদে বোঝাই খড়ের ওপর বসা আলামিন বিদ্যুতের তাড়ে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যায়। তবে বিষয়টি টের পেয়ে চালক ট্রাক ফেলে পালিয়ে গেছে। পুলিশ ট্রাকের ছাদ থেকে নিহতের লাশ উদ্ধার করে ট্রাকসহ থানায় নিয়ে আসে।