নেত্রকোনা প্রতিনিধি
সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বাজারে বোরো ধানের মূল্য বেড়ে যাওয়ায় নেত্রকোনায় ধান-চাল সংগ্রহ অভিযানে ভাটা পড়েছে। সোমবার পর্যন্ত প্রায় ছয় ভাগের এক ভাগ ধান-চাল সংগ্রহ হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
নেত্রকোনা জেলা অটো মেজর অ্যান্ড হাস্কিং মিল মালিক সমিতির সভাপতি ও জেলা চেম্বার সদস্য এইচ আর খান পাঠান সাকি বলেন, সরকার সিদ্ধ চাল প্রতি কেজি ৩৬ টাকা মূল্য নির্ধারণ করে। কিন্তু প্রথম দিকে মিল মালিকরা চাল গুদামে দিলেও হঠাত্ ধানের মূল্য মাত্রারিক্ত বেড়ে যাওয়ায় তারা ধান কিনে চাল তৈরি করে গুদামে দিতে পারছেন না। বর্তমানে বাজার দরে ধান কিনে চাল করলে প্রতি কেজিতে খরচ পড়ে ৪১ টাকা, যা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে পাঁচ টাকা বেশি। তাই সরকার চালের ক্রয়মূল্য পুনর্নির্ধারণ করলে মিলাররা দ্রুত চাল গুদামে সরবরাহ করতে পারবেন বলে তিনি জানান। বিষয়টি জরুরি ভিত্তিতে বিবেচনার জন্য তিনি সরকারের কাছে দাবি জানান।
জেলা খাদ্য নিয়ন্ত্রক সুরাইয়া খাতুন বলেন, তিনি মিলারদের দ্রুত চাল সরবরাহের জন্য চাপ প্রয়োগ করছেন। তবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত ধান-চাল সংগ্রহের শেষ তারিখ থাকায় লক্ষ্যমাত্রা পূরণ হবে বলেও তিনি উল্লেখ করেন।
