ফেসবুক পোস্টে স্মৃতিভোলা বাবাকে ফিরে পেলো সন্তানরা

আপডেট : ২৯ জুন ২০২০, ২১:৫৫

মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা

মুক্তাগাছায় ফেসবুকে ছবি পোস্ট দেওয়ার ৩৬ ঘণ্টার মধ্যেই পরিবার ফিরে পেলেন ১০৫ বছর বয়সি স্মৃতিভোলা মো. আলমাস মিয়াকে। এ কাজে সার্বিক সহযোগিতা করেছে পুলিশ। তিনি রাজধানী ঢাকার খিলক্ষেত এলাকায় থাকতেন। গত ২৪ জুন নিখোঁজ হন। গত ২৬ জুন আলমাসকে পাওয়া যায় মুক্তাগাছার শহরতলী ভাবকির মোড়ে। স্থানীয় সোহাগ তালুকদার তার ছবি তুলে ফেসবুক মেসেঞ্জারে থানার ওসি বিপ্লব কুমার বিশ্বারের কাছে পাঠিয়ে কিছু একটা করার অনুরোধ জানান। থানা পুলিশ উপজেলা হাসপাতালে বৃদ্ধের চিকিত্সার ব্যবস্থা ও ওসি ফেসবুক নিজের ওয়ালে ছবি সম্বলিত একটি পোস্ট দেন। রবিবার সকালে তার সন্তানরা পোস্টটি দেখে ওসির মোবাইলে ফোন করে মুক্তাগাছা থানায় আসেন। বিকালে তাকে ফিরিয়ে দেওয়া হয় স্ত্রী-সন্তানদের হাতে। ওসি বিপ্লব কুমার বিশ্বাস জানান, কৃতজ্ঞতা জানাই যারা আমাকে সংবাদ দিয়েছিলেন। আমরা ফেসবুককে এভাবে পজিটিভলি ব্যবহার করতে চাই।