করোনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান পুতিনের

আপডেট : ২৯ জুন ২০২০, ২১:৫৭

করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে পরস্পরকে দোষারোপ করার পরিবর্তে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ  বার্তা সংস্থা ইতার তাসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সিনহুয়া।

পুতিন বলেন, ‘বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এ মহামারি কার্যকরভাবে মোকাবিলায় পরস্পরকে দোষ না দিয়ে আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালানো প্রয়োজন। দোষারোপের পথ পরিহার করে সংহতি প্রকাশের মাধ্যমে বিশ্ব কোভিড-১৯ ভাইরাসের হুমকি মোকাবিলা করতে পারে।’

এদিকে সোমবার রুশ কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৪০ হাজার ছাড়িয়েছে।  গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৭ হাজার মানুষের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৯৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৯ হাজার ১৬৬। উল্লেখ্য, রাশিয়ায় গত জানুয়ারিতে প্রথম করোনা শনাক্ত হয়।