ব্রাজিলে এক সপ্তাহে সর্বোচ্চ করোনা আক্রান্তের রেকর্ড

আপডেট : ২৯ জুন ২০২০, ২১:৫৮

এএফপি

করোনা ভাইরাস সংক্রমণের রেকর্ড সপ্তাহ পার করল ব্রাজিল। রবিবার পর্যন্ত গত সাত দিনে দেশটিতে প্রতিদিন প্রায় ৪০ হাজারের মতো করোনা রোগী শনাক্ত হয়েছে। এছাড়া করোনায় মৃত্যুর সংখ্যার দিক থেকেও দ্বিতীয় সর্বোচ্চ সপ্তাহ পার করেছে লাতিন আমেরিকার দেশটি।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত সপ্তাহে ব্রাজিলে ২ লাখ ৫৯ হাজার ১০৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এছাড়া ঐ সাত দিনে মারা গেছে ৭ হাজার ৫ জন। এর আগের সপ্তাহে তা ছিল ৭ হাজার ২৮৫ জন। উল্লেখ্য, বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরেই ব্রাজিলের অবস্থান।

করোনা মোকাবিলায় ব্রাজিল সরকারের কৌশল নিয়ে দেশটির ভেতরে এবং বাইরে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে। রবিবার ব্রাসিলিয়ায় কংগ্রেসের সামনের লনে প্রায় ১ হাজার বিক্ষোভকারী জড়ো হয়ে করোনার কারণে মৃতদের প্রতি শ্রদ্ধা এবং ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিরুদ্ধে স্লোগান দেন। কোপাকাবানা বিচে ‘স্টপ বলসোনারো’ স্লোগান দিয়ে কয়েক শ মানুষকে বিক্ষোভ করতে দেখা যায়। এছাড়া লন্ডন, স্টকহোম ও বার্সেলোনায় স্বাস্থ্য সংকট মোকাবিলায় বলসোনারোর ভূমিকার সমালোচনা করে বিক্ষোভ হয়েছে। কট্টর ডানপন্থি রাজনীতিবিদ বলসোনারো করোনাকে খুব একটা গুরুত্ব দেননি।