ইত্তেফাক রিপোর্ট
সৌদি আরবে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তিনি বর্তমান রাষ্ট্রদূত গোলাম মসীহের স্থলাভিষিক্ত হচ্ছেন। গোলাম মসীহের সঙ্গে সরকারের বর্তমান চুক্তির মেয়াদ ৩১ জুলাই শেষ হওয়ার কথা।
মোহাম্মদ জাভেদ পাটোয়ারী ১৯৮৬ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস) পুলিশ ক্যাডারের সদস্য হিসেবে চাকরিতে যোগদান করেন। তিনি গত এপ্রিলে অবসরে যাওয়ার আগে দুই বছরেরও বেশি সময় ধরে পুলিশ মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি ক্রোয়েশিয়া, সিয়েরা লিওন, কসোভো এবং সুদানের জাতিসংঘ মিশনে শান্তিরক্ষী হিসেবে দায়িত্ব পালন করেছেন। নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য তিনি জাতিসংঘ গোল্ড মেডেল পেয়েছেন।
