ইত্তেফাক রিপোর্ট
আগামী ১ জুলাই থেকে ঢাকায় ফ্লাইট পরিচালনা আবারও শুরু করতে যাচ্ছে এয়ার অ্যারাবিয়া। আর ৩ জুলাই থেকে উড়বে টার্কিশ এয়ারলাইন্স। ঢাকা থেকে ফ্লাইট চালু করতে এরই মধ্যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ দুটি সংস্থাকে অনুমতি দিয়েছে। বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান এ কথা নিশ্চিত করেছেন। টার্কিশ এয়ারলাইন্স আগামী ৩ জুলাই থেকে প্রাথমিকভাবে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে। রবি, মঙ্গল ও শুক্রবার সকাল ৬টা ৩৫ মিনিটে তাদের ফ্লাইট ঢাকা ছেড়ে যাবে। টার্কিশ এয়ারলাইন্সের এক জন প্রতিনিধি জানিয়েছেন, ঢাকা থেকে তুরস্ক হয়ে ইতালি, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন গন্তব্যে যেতে পারবেন যাত্রীরা। এদিকে এয়ার অ্যারাবিয়া সংযুক্ত আরব আমিরাতের শারজাহ পর্যন্ত শুধু ট্রানজিট যাত্রী নিতে পারবে। তবে সংযুক্ত আরব আমিরাতের নাগরিক ও রেসিডেন্স পাশধারীরা এই মাধ্যমে এয়ার অ্যারাবিয়ার উড়োজাহাজে গিয়ে শারজাহতে ঢুকতে পারবেন। দুবাইভিত্তিক বিমান সংস্থা এমিরেটস ২৪ জুন থেকে পুনরায় ঢাকায় ফ্লাইট শুরু করেছে। তাদের উড়োজাহাজে বাংলাদেশ থেকে ভ্রমণকারীরা দুবাই হয়ে ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে যেতে পারবেন। আরো কয়েকটি এয়ারলাইন্স ঢাকা থেকে ফ্লাইট পরিচালনার জন্য অপেক্ষমাণ আছে।
