বিশেষ প্রতিনিধি
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ২০২০-২১ অর্থবছরের জন্য ৬০১ কোটি ৭৩ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের ৭৭তম সিন্ডিকেট সভায় প্রস্তাবিত এ বাজেট অনুমোদন দেওয়া হয়। সিন্ডিকেট সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। পরে এক সংবাদ সম্মেলনে বাজেট সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। গত অর্থবছরে (২০১৯-২০) বিশ্ববিদ্যালয়টির বাজেটের পরিমাণ ছিল ৪৭৯ কোটি ৯৪ লাখ টাকা। এবারের বাজেটের মোট ৬০১ কোটি ৭৩ লাখ টাকার তহবিলের মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ২৩০ কোটি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ১৪০ কোটি ৬৫ লাখ এবং নিজস্ব তহবিল থেকে ৫৫ কোটি টাকা রয়েছে। ঘাটতি বাজেটের পরিমাণ ১৭৬ কোটি ৯ লাখ টাকা।
উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া জানান, করোনাকালীন সংকট মোকাবিলায় সিন্ডিকেটের অনুমোদন নিয়ে ২৫ কোটি টাকা থোক বরাদ্দ রাখা হয়েছে এবং আগামী ছয় মাস অত্র বিশ্ববিদ্যালয়ের চিকিত্সাসেবাসহ সকল কার্যক্রম স্বাভাবিক রাখতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কাছে ৭৬ কোটি টাকা বিশেষ বরাদ্দ চাওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধক্ষ্য অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান।
