বরিশাল অফিস
বরিশালে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে গত তিন মাসে ভ্রাম্যমাণ আদালতের ৪০৭টি অভিযান পরিচালিত হয়। এসব অভিযানে ১ হাজার ৫৩৭ ব্যক্তি-প্রতিষ্ঠানকে সর্বমোট ৫২ লাখ টাকারও বেশি জরিমানা করা হয়েছে বলে জানা যায়। জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, দেশে করোনা পরিস্থিতিতে গত ১০ মার্চ থেকে ১৮ জুন পর্যন্ত সময়ে ৪০৭টি মোবাইল কোর্টে ৮০০ ব্যক্তি ও ৭৩৭টি প্রতিষ্ঠানকে মোট ৫২ লাখ ৫৪ হাজার ৮৮৫ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া এসব অভিযানে ৫৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১৩টি প্রতিষ্ঠান সিলগালা করে দে্ওয়া হয়। জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান জানান, জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
