রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবি

প্রতিবাদে উত্তাল খুলনার শিল্পাঞ্চল, কাল অনশন

আপডেট : ২৯ জুন ২০২০, ২৩:২৪

রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছে খুলনার শিল্পাঞ্চল। এই সিদ্ধান্তের প্রতিবাদে খুলনা অঞ্চলের ৯টি পাটকলের শ্রমিকরা তাদের পরিবার-পরিজন নিয়ে নিজ নিজ মিলের সামনে দুই ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেছেন। বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ নন সিবিএ সংগ্রাম পরিষদের ডাকে গতকাল সোমবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। এছাড়া আগামীকাল ১ জুলাই থেকে আমরণ অনশন পালনের ঘোষণা রয়েছে শ্রমিকদের।

এদিকে খুলনার সাতটিসহ রাষ্ট্রায়ত্ত সকল পাটকল সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) ভিত্তিতে সরকার চালুর সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। গতকাল সোমবার সার্কিটহাউজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে এ ঘোষণা দেওয়া হয়। ঢাকায় শ্রম            ভবনে শ্রম মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে শ্রমিক নেতাদের বৈঠক ব্যর্থ হয়েছে বলে জানা গেছে।

সকালে অবস্থান কর্মসূচি পালনকালে শ্রমিকদের সন্তানদের হাতে ধরে রাখা প্ল্যাকার্ডে লেখা ছিল ‘সোনালী আঁশের সোনার দেশ, আমলাদের কথায় করবেন না শেষ’, ‘মাননীয় প্রধানমন্ত্রী পিতার চাকরির নিরাপত্তা ও দু’মুঠো ভাত চাই’, ‘প্রয়োজনে রক্ত দেব, পাটকল বন্ধ হতে দেব না’সহ বিভিন্ন স্লোগান। ক্রিসেন্ট জুট মিলের শ্রমিক আবু হানিফ হতাশ হয়ে বলেন, ‘২০১৩ সাল থেকে আমরা ঠিকমতো টাকা পাই না। টাকা পাওয়ার জন্য আন্দোলন করতি হয়। এখন নাকি বলছে, একবারে টাকা পরিশোধ করা হবে, কিন্তু এইটা আমরা বিশ্বাস করব কীভাবে। কারণ এর আগের দেওয়া প্রতিশ্রুত মতও আমরা ঠিকভাবে টাকা পাইনি।’

এদিকে শ্রমিকদের অবস্থান কর্মসূচি চলাকালে পাটকল সংগ্রাম পরিষদের আহ্বায়ক সরদার আব্দুল হামিদ বলেন, আমলাতন্ত্রের চক্রান্তে গত ২৫ জুন আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে দেশের রাষ্ট্রায়ত্ত ২৫টি পাটকল বন্ধ করার সিদ্ধান্ত হয়েছে। এই ভ্রান্ত সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। ৩০ জুনের মধ্যে এই সিদ্ধান্ত পরিবর্তন না হলে ১ জুলাই থেকে শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা আমরণ অনশন কর্মসূচি শুরু করবে।