কুমিল্লার নাঙ্গলকোটে প্রকাশ্যে দিনে-দুপুরে ঘরে ঢুকে রাবেয়া আক্তার (২০) নামে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর গলা টিপে হত্যার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। হত্যাকারীদের মধ্যে দুই যুবক ঘরে ঢোকে এবং মধ্যবয়সি অন্য এক জন ঘরের দরজায় পাহারা দিয়ে রাবেয়া আক্তারকে ধর্ষণের পর হত্যা করে বীরদর্পে ঘটনাস্থল ত্যাগ করে। গত রবিবার সকালে উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের মান্দ্রা পূর্বপাড়া গ্রামে বাবার বাড়িতে ঘটনাটি ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। গতকাল সোমবার রাবেয়া আক্তারের পিতা আলী মিয়া এজাহারনামীয় চার জনসহ অজ্ঞাতনামা আরো তিন-চার জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।
