ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ওয়ারী এলাকাকে রেড জোন হিসেবে লকডাউন করতে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়া হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় চিঠিটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে পাঠানো হয়েছে। চিঠি পাওয়ার বিষয়টি ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. এমদাদুল হক নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা সাড়ে ৫টার পর আমাদের ৪১ নম্বর ওয়ার্ড ওয়ারীকে লকডাউন করার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে একটি চিঠি পেয়েছি। যখন চিঠিটা পেয়েছি তখন অফিস বন্ধ হয়ে গেছে। তাই চিঠির বিষয়ে পরবর্তী কার্যক্রম আজ গ্রহণ করা হবে। তিনি আরো বলেন, ওয়ারীকে লকডাউন করার জন্য আমাদের প্রয়োজনীয় সব পস্তুতি সম্পন্ন রয়েছে। আমরা আগেও একটি লকডাউন বিষয়ক সভা করেছি। এই চিঠি পাওয়ার পর দ্বিতীয় সভা ডাকা হতে পারে। মেয়র মহোদয় এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
