করোনা রোগীদের সেবা করার সুযোগ চান ত্রিশোর্ধ্ব বেকার নার্সরা

আপডেট : ৩০ জুন ২০২০, ০০:৫৩

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিত্সা দেওয়ার সুযোগ চেয়ে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন ৩০ বছর পার হওয়া বেকার নার্সরা। গতকাল সোমবার সকালে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়শনে (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা বলেন, কোভিড-১৯ মহামারি মোকাবিলায় নিয়োগবঞ্চিত সিনিয়র নার্সদের নিয়োগ দিয়ে করোনা রোগীদের সেবা দেওয়ার সুযোগ করে দিন। এক্ষেত্রে ব্যাচ ও সিনিয়রিটি অনুযায়ী ৯৪৬ জন নার্সের শূন্য পদে বয়স ৩৬ বছর প্রমার্জন করে বেকার নার্স, যাদের সম্প্রতি বয়স ৩০ অতিক্রম করেছে, সে সকল নার্সের অগ্রাধিকার দিয়ে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি দেয়ার আহ্বান জানান। প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তারা বলেন, নার্সরা বর্তমান পরিস্থিতিতে কোভিড-১৯ রোগীদের সেবা দিয়ে বাকি জীবনটা পার করে দিতে চায়। তারা বাংলাদেশ নার্সিং কাউন্সিল থেকে রেজিস্ট্রেশন প্রাপ্ত ২০০৬ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত প্রায় ১ হাজার ৫০০ জন বেকার নার্সের কাজের সুযোগ করে দেওয়ার দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ৩০ প্লাস নার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রেশমা আক্তার। অনুষ্ঠানে প্রায় শতাধিক নার্স উপস্থিত ছিলেন।