ট্রেন থেকে পড়ে যুবকের দু’পা বিচ্ছিন্ন

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৯, ২১:৪৬

কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর চলন্ত ট্রেন থেকে পড়ে দু’পা হারালো সোহেল মিয়া (২২) নামের এক যুবক। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় জাতীয় উদ্যানের বন বিভাগের অফিসের সামনের রেল লেভেল ক্রসিং এলাকায় এ ঘটনাটি ঘটে।

শ্রীমঙ্গলস্থ রেলওয়ে থানা সূত্রে জানা যায়, গতকাল সে চট্টগ্রাম থেকে সিলেটগামী জালালাবাদ এক্সপ্রেস ট্রেনে ভ্রমণ করছিল। সে ট্রেনের দরজার সামনে বসে ভ্রমণকালে ট্রেনের ঝাঁকুনিতে ট্রেন থেকে পড়লে পান দু’চাকার নিচে পড়ে কেটে যায়।  রাজনগর উপজেলার পশ্চিম কাসমিছ গাঁও-এর মৃত জয়নাল আবেদীনের ছেলে সে।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার পুলিশ সদস্যরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দুপুরে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। রেলওয়ে পুলিশ শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলিম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত যুবকের নাম পরিচয় জেনে তার পরিবার সদস্যদের খবর দিলে তারা এসে জানান, সে মানসিক প্রতিবন্ধী ছিল। প্রচুর রক্তক্ষরণে তার অবস্থা আশঙ্কাজনক।