পাহাড়ের তিন আসনে জয় পেল তিন নৌকা প্রার্থী

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৯, ২১:৪৭

জাতীয় সংসদের ২৯৮ নং খাগড়াছড়ি আসনে মহাজোটের নৌকা প্রতীকে আওয়ামী লীগ প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা ২ লাখ ৩৬ হাজার ৪৫০ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। কুজেন্দ্র লাল ত্রিপুরা এনিয়ে পর পর দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইউপিডিএফ (প্রসীত গ্রুপ) সমর্থিত স্বতন্ত্র প্রার্থী নতুন কুমার চাকমা পেয়েছেন ৬০ হাজার ৩৪০ ভোট। খাগড়াছড়ি জেলার রিটার্নিং অফিসার এ ফলাফল ঘোষণা করেন। এছাড়া বিএনপির প্রার্থী মো. শহীদুল ইসলাম ভূইয়া ফরহাদ পেয়েছেন ৫১ হাজার ২৮১ ভোট। এ আসনে জাতীয় পার্টির প্রার্থী সোলায়মান আলম শেঠ ২ হাজার ২৬৭ ভোট ও ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুল জব্বার গাজী ২ হাজার ৮৯০ ভোট পেয়ে তাদের জামানত হারিয়েছেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ নং রাঙ্গামাটি সংসদীয় আসনে মহাজোটের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দীপংকর তালুকদার। নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৫৯ হাজার ২’শ ৮৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্ব্বী জেএসএস (সন্তু লারমা) সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ঊষাতন তালুকদার সিংহ প্রতীক নিয়ে মোট ভোট পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৩৬ এবং ধানের শীষ ৩১ হাজার ৪’শ ৩৭ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মনি স্বপন দেওয়ান।

জাতীয় সংসদের ৩০০ নং বান্দরবান আসনে টানা ৬ষ্ঠ বারের মতো বীর বাহাদুর উশৈসিং ৮৮ হাজার ৮২৮ ভোটের বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন। নৌকার প্রার্থী বীর বাহাদুর উশৈসিং মোট ভোট পেয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৯৯০, নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে প্রার্থী সাচিং প্রু জেরী পেয়েছেন ৫৮ হাজার ২১৭।