রামগতিতে করোনা উপসর্গ নিয়ে পুলিশ সদস্যের মৃত্যু

আপডেট : ০১ জুলাই ২০২০, ১৭:০৩

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে প্রবীর কান্তি নাগ (৫৮) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। বুধবার (১ জুলাই) সকালে উপজেলার বড়খেরী নৌপুলিশ ফাঁড়িতে তার মৃত্যু হয়। 

ওই পুলিশ সদস্যের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামো গ্রামে।তিনি বড়খেরী নৌপুলিশ ফাঁড়িতে কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

বড়খেরী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. জাহাঙ্গীর আলম জানান, শরিয়তপুরের মাঝির ঘাট নৌপুলিশ ফাঁড়ি থেকে বদলি হয়ে গত সোমবার (২৯ জুন) তিনি বড়খেরী নৌপুলিশ ফাঁড়িতে যোগদান করেন। ওই সময় থেকেই তিনি শ্বাসকষ্ট ও কাশিতে ভুগছিলেন। অবস্থার অবনতি ঘটলে বুধবার সকালে তার মৃত্যু হয়।

আরো পড়ুন: দুই কন্যাকে গলাটিপে হত্যার পর পিতার বিষপানে আত্মহত্যার চেষ্টা   

তিনি আরো বলেন, শ্বাসকষ্ট ও কাশিতে অসুস্থ থাকায় ছুটিতে বুধবার সকালে তার বাড়িতে যাওয়ার কথা ছিল। বাড়িতে তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রহিম বলেন, ‘ওই পুলিশ সদস্যের করোনা ভাইরাসের উপসর্গ শ্বাসকষ্ট ও কাশি নিয়ে মৃত্যু হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল টিম তার মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ করেছে। নমুনা পরীক্ষার জন্য নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে।’

ইত্তেফাক/এএএম