লো পা চৌ ধু রী
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বরেণ্য অভিনেত্রী জয়া আহসান অভিনীত প্রায় সম্পন্ন হওয়া পাঁচটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। করোনার কারণে এই পাঁচটি সিনেমার মধ্যে কয়েকটি সিনেমা এরইমধ্যে মুক্তি পাওয়ার কথা থাকলেও আপাতত একটি সিনেমাও মুক্তির কোনো উপায় নেই। জয়া আহসান জানান, কলকাতায় প্রায় শেষ হয়ে আছে কৌশিক গাঙ্গুলীর ‘অর্ধাঙ্গিনী’, সায়ন্তন মুখোপাধ্যায়ের ‘ঝরা পালক’ ও সৌকর্য্য ঘোষালের ‘ভূতপরী’। এই তিনটি সিনেমাতেই জয়া আহসান অভিনয় করছেন গল্পের কেন্দ্রীয় চরিত্রে। আবার বাংলাদেশের নূরুল আলম আতিক পরিচালিত ‘পেয়ারার সুবাস’ ও মাহমুদ দিদার পরিচালিত ‘বিউটি সার্কাস’ সিনেমার কাজও প্রায় শেষ হয়ে আছে। এই দুটি সিনেমাও করোনার কারণে আটকে আছে। সবকিছু ঠিকঠাক থাকলে এই দুটি সিনেমাও হয়তো এরইমধ্যে দর্শক দেখতে পেতেন। কিন্তু জয়া আহসান অভিনীত এই পাঁচটি সিনেমারই মুক্তি আপাতত অনিশ্চিত। জয়া আহসান বলেন, ‘অর্ধাঙ্গিনী, ঝরা পালক, ভূতপরী, পেয়ারার সুবাস কিংবা বিউটি সার্কাস যে সিনেমার কথাই বলি না কেন—প্রত্যেকটি সিনেমার গল্প সত্যিকার অর্থেই অন্যরকম, অসাধারণ। আমার ভক্ত দর্শক সিনেমায় আমার গল্প নির্বাচন সম্পর্কে বেশ ভালোভাবে অবগত। এই সিনেমাগুলো মুক্তি পেলে দর্শক হয়তো প্রত্যেকটি সিনেমাতেই আমার চরিত্রে তাদের ভালোলাগা খুঁজে পেতেন। কিন্তু যেহেতু এখন সারা বিশ্বই আসলে করোনা পরিস্থিতির কারণে থমকে আছে, যেখানে বেঁচে থাকাটাই এখন মানুষের কাছে প্রতিনিয়ত যুদ্ধের ব্যাপার—সেখানে আসলে সিনেমা মুক্তির কথা অনেক দূরের বিষয়। করোনার এই পরিস্থিতিতে আমাদের সবাইকে ধৈর্য্য ধরতে হবে, সবাইকে সবার পাশে থাকতে হবে। কেউ অসুস্থ হলে তার সুচিকিত্সা নিশ্চিত করতে হবে। সবাই মিলেমিশে করোনার এই ক্রান্তিকাল পার করতে হবে। মানুষকে আগে সুস্থ ও সুন্দরভাবে বাঁচতে হবে। তারপর না হয় বিনোদনের কথা ভাবা যাবে। সৃষ্টিকর্তা আমাদের ওপর সহায় হোন—এটাই এখন বড় চাওয়া।’ সর্বশেষ নন্দিতা রায় ও শিবপ্রসাদ পরিচালিত ‘কণ্ঠ’ ও অতনু ঘোষের ‘রবিবার’ সিনেমাতে জয়া আহসানের অভিনয় বেশ প্রশংসিত হয় দুই বাংলায়।
