অস্ট্রেলিয়ায় তীব্র গরমের মধ্যে ছোট ভালুকজাতীয় প্রাণী কোয়ালার বোতলে পানি পানের একটি ভিডিও ভাইরাল হয়েছে। অস্ট্রেলিয়ার দক্ষিণপূর্বালীয় রাজ্য ভিক্টোরিয়ার স্ট্রাথমার্টনের উত্তরে মারি নদী ঘেঁষা বনে থাকা একটি কোয়ালা ৪৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলা ভেজাতে চলে আসে লোকালয়ের কাছাকাছি। এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, চ্যান্টেল লরি নামের একজন পথচারী কোয়ালাটিকে দেখে তার জলতেষ্টা পাওয়ার বিষয়টি বুঝতে পারেন।
একটি গাছের নিচের দিকটা ধরে থাকা কোয়ালার দিকে পানি নিয়ে এগিয়ে যান ওই নারী। পানির বোতলটি এগিয়ে দিলে কোয়ালাটি উপরের দিকে উঠতে থাকে। পরে তিনি বোতল থেকে পানি বের করলে তা দেখে প্রাণীটি তাতে চুমুক দেয়। ২৫ সেকেন্ড ধরে ওই বোতলের পানি পান করে কোয়ালাটি। তার পানি পানের দৃশ্যের ভিডিও ফেইসবুকে দেন লরি। গত ২৯ ডিসেম্বর ভিডিওটি প্রকাশ করার পর তা ব্যাপক সাড়া ফেলে। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমগুলোতেও এই ভিডিও নিয়ে খবর প্রকাশ হয়। —বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
