বিপিও শিল্পে তরুণদের কর্মসংস্থানের সুযোগ দিতে ‘অনলাইন বিপিও ইভেন্ট ২০২০’ এর আয়োজন করলো বাক্য ।
দেশের বিপিও/আউটসোর্সিং শিল্পের একক ও কেন্দ্রীয় বাণিজ্য সংস্থা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্য) প্রথমবারে মতো কোনো অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্যারিয়ার কাউন্সেলিং সেশনের আয়োজন করেছে। বর্তমান মহামারী নভেল করোনা ভাইরাসের প্রভাবে চাকরির বাজারে যে অস্থিরতা বিরাজ করছে তা থেকে পরিত্রানের জন্য বিপিও শিল্পের সম্ভাবনাগুলো তরুণদের মাঝে তুলে ধরতেই এই আয়োজন করে বাক্য। বাক্য ও আইসিটি অধিদপ্তরের যৌথ উদ্যোগে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়, যার প্রথম অংশে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা করেন প্রধান অতিথি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন,‘দেশের প্রত্যেকটি সেক্টরকে প্রযুক্তিনির্ভর করতে হলে আউটসোর্সিং এর ব্যবহার ছাড়া আর কোনো বিকল্প নেই। আর তাই, এই শিল্পে দক্ষ মানবশক্তি তৈরিতে আইসিটি ডিভিশন থেকে সবরকমের ট্রেইনিং সুবিধা দেওয়া হবে।’ তিনি আরও বলেন, ‘আইটি শিল্পে ২১ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় এবং চতুর্থ শিল্প বিপ্লবের স্বয়ংক্রিয় যুগে প্রবেশ করার কারণে সকলকেই কর্মক্ষেত্রে প্রবেশ করার পরেও প্রতিনিয়ত জ্ঞান অর্জন করতে হবে। কেননা, এখন লাইফ লং লার্নিং ছাড়া টিকে থাকা কঠিন হয়ে পরবে।’
সেমিনারে অতিথি হিসেবে আইসিটি ডিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব, মোবাইল গেইম ও এ্যাপ্লিকেশন এর দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রকল্প পরিচালক মো. নুরুজ্জামান,উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ প্রকল্প পরিচালক সৈয়দ মজিবুল হকসহ আরও অনেকে।
