চার পেনাল্টির ম্যাচে আরও পেছালো বার্সা

আপডেট : ০১ জুলাই ২০২০, ২০:২৯

স্পোর্টস ডেস্ক

শিরোপা জিততে হলে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে কোনোভাবেই  পয়েন্ট হারানো চলতো না বার্সেলোনার। কিন্তু নিজেদের মাঠে আবারও ২-২ গোলে ড্র করেছেন লিওনেল মেসিরা। ফলে কাতালানদের টানা তৃতীয় লিগ জয় মুড়ে গেছে শঙ্কার চাদরে।

ন্যু ক্যাম্পে বার্সেলোনা এগিয়ে যায় ১১ মিনিটেই। কর্নার থেকে ভেসে আসা বল ডিয়েগো কস্তার গায়ে লেগে জড়ায় অ্যাটলেটিকোর জালে। তবে এ অগ্রগামিতা বার্সা ধরে রাখতে পারে মোটে আট মিনিট। পেনাল্টি থেকে কস্তার শট কাতালান দলটির গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেন রুখে দিলেও ভিএআরে দেখা যায় নিয়ম ভেঙেছিলেন তিনি। ফলে স্টেগেনকে হলুদ কার্ড দেখানোর পাশাপাশি পেনাল্টি আবারও নেওয়ার আদেশ দেন রেফারি। সল নিগুয়েজ আর কোনো ভুল করেননি। সমতায় ফেরান সফরকারী অ্যাটলেটিকোকে। বিরতির পর আবারও রেফারির পেনাল্টির বাঁশি, এবার বার্সার পক্ষে। লিওনেল মেসি সেখান থেকে বার্সাকে এগিয়ে দিয়ে ৭০০তম গোলের অপেক্ষা শেষ করেন। তবে বার্সেলোনা এ যাত্রাতেও ১২ মিনিটের বেশি এগিয়ে থাকতে পারেনি। ম্যাচের চতুর্থ পেনাল্টি শট থেকে অ্যাটলেটিকোর সমতাসূচক গোলটি করেন সল। ২-২ গোলে ড্র করে এক ম্যাচ কম খেলে রিয়াল মাদ্রিদ থেকে এক পয়েন্টে পিছিয়ে পড়ে বার্সেলোনা। এর ফলে শিরোপা জেতা কঠিনই হয়ে পড়েছে, মানছেন দলের সহ-অধিনায়ক সার্জিও বুসকেটস। বললেন, ‘শিরোপার লড়াইটা আমাদের জন্যে কঠিনই হয়ে পড়েছে। রিয়াল মাদ্রিদের জন্যে অনেক বড় সুবিধাই করে দিয়েছি আমরা। গাণিতিকভাবে সম্ভাবনা শেষ হয়ে যাওয়ার আগ পর্যন্ত আমরা লড়বো, লড়াইটা কঠিন জেনেই লড়বো।’