গ্যারেজে মুশফিকের ব্যাটিং

আপডেট : ০১ জুলাই ২০২০, ২০:২৯

স্পোর্টস রিপোর্টার

ঈদুল ফিতরের আগে মিরপুর স্টেডিয়ামে একাকী অনুশীলনের অনুমতি চেয়েছিলেন মুশফিকুর রহিম। করোনা ভাইরাসের কারণে গত মার্চ থেকে গৃহবন্দি হয়ে থাকা মুশফিকের আবেদনে সাড়া দেয়নি দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা। বাংলাদেশের করোনা পরিস্থিতি এখনো ভালো নয়। আবার কখন দেশে ক্রিকেটীয় কার্যক্রম শুরু হবে, সেই দিনক্ষণ কারোরই জানা নেই।

মাঠের বাইরে দীর্ঘদিন এভাবে সময় কাটানো কঠিন হয়ে পড়েছে ক্রিকেটারদের জন্য। বিশেষ করে মুশফিকের জন্য। ব্যাটিং ও মাঠে অনুশীলন করতে না পারায় তার মনের পীড়ন সবার কাছেই অনুমেয়। কিছুদিন আগে তো তামিম ইকবালের ফেসবুক লাইভে অকপটেই বলেছেন, ব্যাটিং করতে না পারলে আমি মারাই যাব।

জাতীয় দলের সবচেয়ে পরিশ্রমী এই ক্রিকেটার অবশ্য বসে নেই। প্রতিদিনই রানিং, জিম সেশনে ঘাম ঝরাচ্ছেন। যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও দিচ্ছেন মুশফিক। এবার ব্যাটিং, উইকেটকিপিংও শুরু করেছেন তিনি। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া নতুন ভিডিও তে দেখা যাচ্ছে, বাড়ির গ্যারেজে ব্যাট-বল নিয়ে নেমে পড়েছেন মুশফিক। টেনিস বলে ব্যাটিং অনুশীলন করছেন তিনি। ব্যাটিংয়ের পাশাপাশি কিপিং অনুশীলন করেছেনও তিনি। যেখানে চেয়ার, ব্যাট ব্যবহার করছেন। গতকাল ফেসবুক পেজ ও ইনস্টাগ্রামে মুশফিকের দেওয়া ৩ মিনিটের ভিডিওতে দেখা যায়, গ্যারেজে টেনিস বল দিয়ে ব্যাটিং অনুশীলন করেছেন এবং পরে কিপিংটাও ঝালাই করে নিচ্ছেন তিনি। মাঠে ফিরতে ব্যাকুল মুশফিক ও অন্য ক্রিকেটাররা। করোনার দাপট অবশ্য আশার আলো দেখাচ্ছে না। করোনা পরিস্থিতির উন্নতি না হলে খুব সহসা ক্রিকেট ফিরছে না বাংলাদেশে।