টেস্টে নেতৃত্বের অভিষেকে বিরাট কোহলি করেছিলেন জোড়া সেঞ্চুরি। কিন্তু দল জিততে না পারায় শেষটা হয়েছিল হতাশায়। ২০১৪ সালে অ্যাডিলেইডে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে যাওয়া সেই ম্যাচ অনেক কিছু শিখিয়েছিল তাদের। কোহলির ভাষায়, ভারতীয় দলের বর্তমান অবস্থানের ভিত গড়ে দিয়েছিল ঐ ম্যাচ। ২০১৪-১৫ মৌসুমে বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্ট ছিল সেটি। চোটের জন্য নিয়মিত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অনুপস্থিতিতে নেতৃত্ব পান কোহলি। চতুর্থ ইনিংসে ৩৬৪ রান তাড়ায় মুরালি বিজয়ের ৯৯ ও কোহলির ১৪১ রানের দুর্দান্ত ইনিংসের পরও ৪৮ রানে হেরে যায় ভারত। কোহলি প্রথম ইনিংসে করেছিলেন ১১৫। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে মঙ্গলবার সেই ম্যাচের দুটি ছবি পোস্ট করে কোহলি লেখেন, ভারতের টেস্ট সাফল্যের জন্য অ্যাডিলেইড টেস্ট বড় মাইলফলক হয়ে থাকবে সবসময়, ‘আমাদের টেস্ট যাত্রায় পেছন ফিরে দেখলে বলতে হবে বিশেষ ও গুরুত্বপূর্ণ এই টেস্টের জন্যই আজ আমরা এখানে। ২০১৪ অ্যাডিলেইড টেস্ট দুই দলের জন্যই আবেগে ভরা ছিল, দর্শকদের জন্যও ছিল উপভোগ্য।
