কাউখালীতে বিদ্যুত্স্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

আপডেট : ০১ জুলাই ২০২০, ২১:২৬

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা

কাউখালীতে বুধবার বিদ্যুত্স্পৃষ্ট হয়ে আজাহার আলী (৭৫) ও তার স্ত্রী রেনু বেগম (৬০) নামে দুই জনের মৃত্যু হয়েছে। এ সময় তাদের দুই বছরের নাতি ইয়াছিন আহত হয়। আজাহার আলী খান উপজেলার সদর ইউনিয়নের কাঠালিয়া গ্রামের মৃত করম আলী খানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রেনু বেগম বিদ্যুত্পৃষ্ট হলে তাকে বাঁচাতে আসেন আজাহার আলী। এ সময় দুই জনই বিদ্যুত্স্পৃষ্ট হন। তাদের উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করে।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

পীরগাছায় এক জনের মৃত্যু

পীরগাছা (রংপুর) সংবাদদাতা জানান, উপজেলায় জ্যাঠার জানাজার প্রস্তুতির সময় বিদ্যুত্পৃষ্ট হয়ে শাহিন মিয়া (১৫) নামে এক তরুণ হাফেজের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৯টায় উপজেলার তাম্বুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। শাহিন মিয়া ঐ গ্রামের আফর আলীর ছেলে। তাম্বুলপুর ইউপি চেয়ারম্যান রওশন জমির রবু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।