রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা
লক্ষ্মীপুরের রামগতিতে করোনা উপসর্গ নিয়ে প্রবীর কান্তি নাগ (৫৮) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়িতে তার মৃত্যু হয়। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শ্যামো গ্রামে। তিনি বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়িতে কনস্টেবল পদে কর্মরত ছিলেন।
বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. জাহাঙ্গীর আলম জানান, শরীয়তপুরের মাঝির ঘাট নৌ-পুলিশ ফাঁড়ি থেকে বদলি হয়ে গত সোমবার (২৯ জুন) তিনি বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়িতে যোগদান করেন। ঐ সময় থেকেই তিনি শ্বাসকষ্ট ও কাশিতে ভুগছিলেন। অবস্থার অবনতি ঘটলে বুধবার সকালে তার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রহিম বলেন, তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে।
