পঞ্চগড় প্রতিনিধি
বোদা উপজেলায় মঙ্গলবার বিকালে পুকুরের পানিতে ডুবে সৌরভ হোসেন (৩) ও রাহাত হোসেন (২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার বেংহারি বনগ্রাম ইউনিয়নের সোনাচান্দি গ্রামে পৃথক দুটি পুকুরে ডুবে ঐ দুই শিশুর মৃত্যু হয়। সৌরভ ঐ গ্রামের খলিলুর রহমানের ছেলে এবং রাহাত একই গ্রামের রুবেল হোসেনের ছেলে। বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু হায়দার মো. আশরাফুজ্জামান পৃথক দুটি পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
কোটালীপাড়ায় শিশুর মৃত্যু
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা জানান, উপজেলায় পানিতে ডুবে রওজা খানম নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার উপজেলার হিরণ গ্রামে এ ঘটনা ঘটে। সে ঐ গ্রামের জুলহাস মুন্সীর মেয়ে। কোটালীপাড়া থানার ওসি শেখ লুত্ফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিরামপুরে শিশুর মৃত্যু
বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা জানান, বুধবার দুপুরে উপজেলার কাটলা ইউনিয়নের দক্ষিণ দামোদপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে মো. জিহাদ হোসেন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে ঐ এলাকার মো. নুর ইসলামের ছেলে। কাটলা ইউনিয়নের চেয়ারম্যান মো. নাজির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
দেবীগঞ্জে শিক্ষকের মৃত্যু
দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা জানান, করতোয়া নদীতে ডুবে উপজেলার টাকাহারা গ্রামের টাকাহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শামছুর রহমানের (৮২) মৃত্যু হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে গোসল করতে গিয়ে তিনি নিখোঁজ হন। রাতে তার লাশ উদ্ধার করা হয়। দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ রবিউল হাসান সরকার ঘটনা নিশ্চিত করেছেন।
