আগামীতে যত রেমডেসিভির সরবরাহ করা হবে, তার প্রায় শতভাগই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কেনা নিশ্চিত করেছে বলে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে। কোভিড-১৯ চিকিত্সায় কার্যকরী ওষুধ হিসেবে গিলিয়াড সায়েন্সেসের তৈরি রেমডেসিভির ব্যবহারের অনুমোদন দিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। এ ওষুধের প্রয়োগ বেশি অসুস্থ রোগীদের হাসপাতালে থাকার সময়কাল চার দিন পর্যন্ত কমাতে পারে। খবর বিবিসির
যুক্তরাষ্ট্রের হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস ডিপার্টমেন্টের এক বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প গিলিয়াড সায়েন্সের সঙ্গে ‘চমকপ্রদ’ এক চুক্তি চূড়ান্ত করেছেন, যার আওতায় গিলিয়াডের চলতি জুলাই মাসে উত্পাদন করা ৫ লাখ ডোজের শতভাগ এবং আগস্ট ও সেপ্টেম্বরে উত্পাদিত ওষুধের ৯০ শতাংশ কিনে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ যে বিবৃতি দিয়েছে, তাতে দেখা যাচ্ছে যে, রেমডেসিভিরের পেটেন্টের মালিকানাধীন প্রতিষ্ঠানের আগামী তিন মাসের উত্পাদিত হতে যাওয়া রেমডেসিভিরের প্রায় পুরোটাই আগাম কিনে ফেলেছে দেশটি। বিবিসির খবরে অবশ্য বলা হয়েছে, বিশ্বে যে পরিমাণ রেমডেসিভির সরবরাহ করা হবে, তার প্রায় সবটাই যুক্তরাষ্ট্র কিনে নিচ্ছে। ওষুধটি প্রথমে ইবোলা ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য তৈরি করা হয়েছিল। ক্লিনিক্যাল পরীক্ষায় দেখা গেছে, নোভেল করোনা ভাইরাসসহ আরো কিছু ভাইরাস মানুষের দেহে প্রবেশ করে যেভাবে বংশবৃদ্ধি করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করে, সেই প্রক্রিয়াটি কিছুটা হলেও থামানোর সক্ষমতা রয়েছে এ ওষুধের।
