অস্ট্রেলিয়ায় ফের সংক্রমণ ৩ লাখ মানুষ লকডাউনে

আপডেট : ০১ জুলাই ২০২০, ২১:৩২

রয়টার্স

অস্ট্রেলিয়ার মেলবোর্নের উত্তরের শহরতলিতে গতকাল বুধবার রাত থেকে নতুন করে আরো ৩ লাখের বেশি মানুষকে লকডাউন করে রাখা হচ্ছে। অথচ দেশটিকে করোনা নিয়ন্ত্রণে সফল হিসেবে ভাবা হচ্ছিল। নিয়ন্ত্রণে এসেছিলও বটে, তবে গত দুই সপ্তাহ ধরে দেশটির দ্বিতীয় সর্বাধিক জনবহুল রাজ্যটিতে ফের প্রতিদিন আশঙ্কাজনক হারে আক্রান্ত শনাক্ত হওয়ায় এই পদক্ষেপ।

বিশ্বের অন্যান্য দেশের তুলনায় করোনা মোকাবিলায় অস্ট্রেলিয়া বেশ সফল বলেই বিবেচিত হচ্ছিল। প্রাদুর্ভাব শুরুর পর মোট ৭ হাজার ৯২০ জনের মধ্যে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। শনাক্ত রোগীর বেশির ভাগ সুস্থ। সক্রিয় কোভিড-১৯ রোগীর সংখ্যা এখন ৪০০-এর কম। আর মারা গেছে ১০৪ জন। তবে ফের শনাক্ত রোগী বাড়তে থাকায় দ্বিতীয় দফায় সংক্রমণের শঙ্কা তৈরি হয়েছে।

বুধবার মধ্যরাত থেকে অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহরের ৩০টির বেশি এলাকায় তৃতীয় ধাপের লকডাউন জারি হয়। মহামারি করোনা নিয়ন্ত্রণের জন্য লকডাউনের তিনটি সর্বোচ্চ কঠোর ধাপের মধ্যে এটি একটি। এর অর্থ হলো, এখন মুদি দোকানে কেনাকাটা, চিকিত্সাসেবা, কর্মস্থলে যাওয়া এবং সীমিত আকারে শরীরচর্চা ছাড়া এসব মানুষ এখন ঘরবন্দি থাকবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, সামরিক বাহিনীর মাধ্যমে সংক্রমণ নিয়ন্ত্রণের পদক্ষেপের আওতায় লকডাউন এলাকাগুলোয় এর পরিধি আরো বাড়তে পারে। এছাড়া যেসব এলাকায় এই লকডাউন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, সেসব এলাকার সীমানায় সেনা টহল থাকবে। সম্প্রতি ভিক্টোরিয়া রাজ্যে রেস্তোরাঁ, জিমনেসিয়াম ও সিনেমা খুলে দেওয়ার পরই ফের সংক্রমণ বাড়ছে।