চট্টগ্রাম অফিস
চট্টগ্রাম বন্দরের জেনারেল কার্গো বার্থের ৫ নম্বর জেটিতে ভিড়ে থাকা ‘এমভি ইজুমু’ নামে পানামার পতাকাবাহী একটি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার বিকালে হঠাত্ জাহাজটিতে আগুন লাগে। এ সময় জাহাজের ওপরের দিকে ধোঁয়া উড়তে দেখা যায়। বন্দরের নিজস্ব অগ্নিনির্বাপণকারী গাড়ি ও টাগবোটের পাশাপাশি ফায়ার সার্ভিসের দুটি গাড়ি আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ তাত্ক্ষণিক জানা যায়নি। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক ইত্তেফাককে জানান, এটি বড় ধরনের কোনো আগুনের ঘটনা নয়। জাহাজটিতে বিভিন্ন সাধারণ পণ্যের সঙ্গে ইস্পাতের কিছু প্লেট ছিল। ইস্পাতের ঘর্ষণে ধোঁয়া সৃষ্টি হয়ে থাকতে পারে। বন্দরের নিজস্ব অগ্নিনির্বাপক দল পানি ছিটিয়ে তা নিয়ন্ত্রণে এনেছে।
