করোনা থেকে গার্মেন্টস শ্রমিকদের সুরক্ষায় এগিয়ে এসেছে আইএলও

আপডেট : ০১ জুলাই ২০২০, ২২:১৩

ইত্তেফাক রিপোর্ট 

গার্মেন্টস খাতে কর্মরত শ্রমিকদের সহযোগিতা দিতে এগিয়ে এসেছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)। গতকাল বুধবার ‘লার্নিং হাব’ নামে সমন্বিত নিরাপত্তা ও প্রশিক্ষণের একটি কর্মসূচি উদ্বোধন করা হয়। গার্মেন্টস শিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর সঙ্গে যৌথভাবে এতে যুক্ত থাকছে আইএলও। করোনা প্রতিরোধে গাইডলাইনের ভিত্তিতে পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষা, শ্রমিক ও কারখানা ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মধ্যে করোনা প্রতিরোধে পূর্বসতর্কতা তৈরি এবং চলমান সামাজিক সংলাপকে আরো জোরদার করা প্রকল্পের উদ্দেশ্য। আগামী এক বছর চলা এই কার্যক্রমে ব্যয় হবে প্রায় সাড়ে ৮ কোটি টাকা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঐ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে অংশ নেন ঢাকায় সুইডেনের রাষ্ট্রদূত চারলোটা  স্নেইটার, ডেনমার্কের কাউন্সিলর সরিন অ্যালবার্টসেন, ঢাকায় আইএলওর কান্ট্রি ডিরক্টের টুমো পুটিয়াইনেন, বিজিএমইএর সভাপতি ড. রুবানা হক, বিকেএমইএর সিনিয়র সহসভাপতি মোহাম্মদ হাতেম প্রমুখ।