চৌগাছার গ্রামাঞ্চলে চলছে ডালের বড়ি তৈরির উত্সব

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৯, ২১:৫৯

শীতের আমেজ। আবহাওয়াও ভালো। তাই যশোরের চৌগাছার গ্রামাঞ্চলে চলছে ডালের বড়ি তৈরির উত্সব। গ্রামে গ্রামে ডালের বড়ি তৈরিতে এখন ব্যস্ত সময় পার করছেন গৃহবধূরা। প্রতিটি ঘরে ঘরে কলাই আর চাল কুমড়া দিয়ে বড়ি বানানোর যেন ধুম পড়ে গেছে। প্রচণ্ড শীত উপেক্ষা করে পাড়া-মহল্লার গৃহবধূরা এই মজাদার খাবার তৈরি করছেন। একমাত্র গ্রামবাংলার মহিলাদের পরিশ্রমে আজো টিকে রয়েছে খাদ্যের প্রাচীনতম এই ঐতিহ্য। খাবারের যতগুলো ঐতিহ্য রয়েছে তার মধ্যে ডাল এবং কুমড়ার তৈরি বড়ি একটি। শীত মৌসুম মানেই গ্রাম বাংলার মানুষের নতুন নতুন খাবার তৈরির মৌসুম।