আওয়ামী লীগের ওয়েবিনারে বক্তারা
বিশেষ প্রতিনিধি
আওয়ামী লীগের বিশেষ ওয়েবিনারের ৮ম পর্বে বক্তারা তরুণদের ভবিষ্যত্ বাংলাদেশ নির্মাণের মূলযোদ্ধা হিসেবে উল্লেখ করেছেন। দলের অফিসিয়াল ফেসবুক পেজে প্রচারিত এই লাইভ অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘আমাদের ভবিষ্যত্ স্বপ্ন অর্জনে তরুণরাই হচ্ছে মূলযোদ্ধা’। করোনাকাল ও পরবর্তী বাংলাদেশ নিয়ে আওয়ামী লীগের বিশেষ ওয়েবিনার ‘বিয়ন্ড দ্য প্যানডেমিক’-এর ৮ম পর্ব মঙ্গলবার রাতে অনুষ্ঠিত হয়। এবারের বিষয় ছিল ‘তরুণদের শিক্ষা ও দক্ষতা বৃদ্ধি :আগামীর কৌশল নির্ধারণ।’
রাত সাড়ে ৮টায় বরাবরের মতোই পর্বটি সরাসরি প্রচারিত হয় আওয়ামী লীগের অফিশিয়াল ফেসবুক পেজ https://www.facebook.com/ awamileague.1949 এবং অফিশিয়াল ইউটিউব চ্যানেলে https://www.youtube.com/user/myalbd. একই সঙ্গে দেখা যায় বিজয় টিভির পর্দায় এবং দৈনিক ইত্তেফাক, সমকাল, যুগান্তর, ভোরের কাগজ, বিডিনিউজ২৪, বাংলানিউজ২৪, জাগো নিউজ২৪ ও সময় টিভি, বার্তা ২৪ ও সারা বাংলার ফেসবুক পেজে।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার শাহ আলী ফরহাদের সঞ্চালনায় এতে আলোচক হিসেবে ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর, গুরুকুল অনলাইন লার্নিং প্ল্যাটফরম-এর প্রতিষ্ঠাতা সুফি ফারুক ইবনে আবুবকর ও দৈনিক জনকণ্ঠের সিনিয়র রিপোর্টার বিভাষ বাড়ৈ।
শিক্ষামন্ত্রী দিপু মনি বলেন, আমরা ডিজিটাল শিক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রায় ৯২ শতাংশ শিক্ষার্থীর কাছে পৌঁছাতে পারছি। কমিউনিটি রেডিও চালুর পরিকল্পনা রয়েছে। আশা করছি আগামী নভেম্বরের মধ্যে বার্ষিক সিলেবাসগুলো মোটামুটি শেষ করে নিতে পারব। অনুকূল পরিবেশ শুরু হলে এইচএসসিসহ সকল পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হবে। তিনি আরো বলেন, আমাদের ইশতেহারে আমরা সবসময় তরুণদেরকে গুরুত্ব দিয়েছি। জাতীয় স্বপ্ন অর্জনের পথে এরাই আমাদের ভবিষত্, তরুণরাই হচ্ছে মূল যোদ্ধা। তরুণদেরকে দক্ষ করে গড়ে তোলা ও দক্ষতা শিক্ষার ওপর জোর দেন তিনি।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল বলেন, এই মুজিববর্ষে কেউ যাতে বেকার না থেকে সেই উপলক্ষ্যে কর্মসংস্থান ব্যাংকের সঙ্গে চুক্তি করে ‘বঙ্গবন্ধু যুব ঋণ’ নামে একটি প্রকল্প চালুর ব্যবস্থা করেছি—যেখানে নিম্নে ২০ হাজার টাকা থেকে ৫ লাখ টাকা পর্যন্ত বিনা জামানতে ঋণ সুবিধা দেওয়া হবে। আমাদের টার্গেট রয়েছে আগামী ৩ বছরের মধ্যে ১২ লাখ দক্ষ যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করা। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, তথ্য প্রযুক্তি অবকাঠামো এখন আগের থেকে অনেক শক্তিশালী। আমরা এখন ঘরে বসে থেকেই মন্ত্রণালয়ের কাজ করছি, অনলাইনে শিক্ষকরা ক্লাস নিচ্ছেন, জরুরি মিটিং করছি। অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বলেন, অনলাইন শিক্ষার যে কয়টি পদ্ধতি আছে, প্রত্যেকটি পদ্ধতিতে সরকার ছাত্র-ছাত্রীদের কাছে পৌঁছানোর জন্য কাজ করে যাচ্ছে।
