হলি আর্টিজানে জঙ্গি হামলার চার বছর
ইত্তেফাক রিপোর্ট
গুলশানে হলি আর্টিজানে জঙ্গি হামলার চার বছর পূর্তিতে নিহত দেশি-বিদেশিদের গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয়েছে। ২০১৬ সালের পহেলা জুলাই গুলশানে হলি আর্টিজানে জঙ্গি হামলায় পুলিশের দুই কর্মকর্তাসহ দেশি-বিদেশি ২২ জন নিহত হন। তবে করোনা পরিস্থিতির কারণে এবার সাধারণ মানুষকে শ্রদ্ধা জানাতে যেতে আগেই নিষেধ করা হয়। শুধু আইনশৃঙ্খলা বাহিনী, বিদেশি কূটনীতিক ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। নিহত ব্যক্তিদের স্বজনদের কাউকে সেখানে দেখা যায়নি।
গতকাল সকাল সাড়ে ৯টায় ফুল দিয়ে প্রথম শ্রদ্ধা জানান র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এরপর ফুল দিয়ে শ্রদ্ধা জানান ঢাকা মহানগর পুলিশের কমিশনার (ডিএমপি) মোহা. শফিকুল ইসলাম। র্যাব ও পুলিশের শ্রদ্ধা নিবেদন শেষে আসেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। এরপর পৃথকভাবে ইতালি ও জাপানের রাষ্ট্রদূত ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
