মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান (স্বর্ণপদকপ্রাপ্ত) ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল হোসেন ও তার দুই ছেলেসহ দুই ওয়ার্ড সদস্যের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বুধবার উপজেলার বারাহিরচর বাজারে এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে মো. কামাল হোসেন বলেন, তিনি দীর্ঘদিন যাবত্ সুনামের সঙ্গে চেয়ারম্যান হিসেবে কাজ করে আসছেন। এতে ঈর্ষান্বিত হয়ে বিএনপি ও জামায়াত সর্মথক কিছু চেয়ারম্যান-মেম্বার প্রার্থী তার বিরুদ্ধে বিভিন্ন রকম অপপ্রচার করে আসছেন। এরই পরিপ্রেক্ষিতে এই হামলা চালানো হয়। তিনি এই বর্বরোচিত হামলার বিচার চান।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ২ নম্বর ওয়ার্ড সদস্য মো. কামাল হোসেন, ৮ নম্বর ওর্য়াড সদস্য শেখ সালাম, ৬ নম্বর ওয়ার্ড সদস্য মো. আব্দুল কুদ্দুস ব্যাপারী, রামকৃষ্ণপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আফছার উদ্দিন ব্যাপারী প্রমুখ। মানববন্ধনে বক্তারা অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান ।
প্রসঙ্গত, গত শুক্রবার দুপুরে রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের সামনে প্রতিপক্ষের হামলায় ইউপি চেয়ারম্যান মো. কামাল হোসেন, তার দুই ছেলে হাবিবুর রহমান কাউসার ও হাসিবুর রহমান কল্লোল, ২ ইউপি সদস্যসহ পাঁচ জন গুরুতর আহত হন। এ ঘটনায় কামাল হোসেন বাদী হয়ে ১৪ জনের নামে থানায় মামলা দায়ের করেছেন। তবে গতকাল পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঈদ চৌধুরী জানান, আসামি গ্রেফতারে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
