ইত্তেফাক রিপোর্ট
পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের ১১ হাজার ৮৫৬ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। পুলিশ সদর দপ্তর এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা জানান, গতকাল পর্যন্ত ১০ হাজার ৯৫৮ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ঢাকা মহানগর পুলিশের ২ হাজার ৩০৩ জন। সুচিকিত্সায় ৬ হাজার ৮৬৫ জন সদস্য সুস্থ হয়েছেন। কোয়ারেন্টাইনে রয়েছেন ১১ হাজার ৮২৩ জন পুলিশ কর্মকর্তা। চলমান এ যুদ্ধে পুলিশের ৪৪ সদস্য মৃত্যুবরণ করেছেন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক মেহেনাজ তাবাস্সুম রেবিন জানান, গতকাল পর্যন্ত ৭০৫ জন আনসার সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের অপারেটর জিয়াউর রহমান জানান, গতকাল পর্যন্ত ১৯৩ জন ফায়ার সার্ভিসের সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।
