ঢাকাবাসীকে ডেঙ্গুর প্রকোপ থেকে মুক্তি দেব :তাপস

আপডেট : ০১ জুলাই ২০২০, ২২:২৪

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, কারো বাসাবাড়িতে বা বেজমেন্টে বা কারো নির্মাণাধীন বাসাবাড়িতে মশার লার্ভা বা লার্ভার বিস্তারক্ষেত্র রয়েছে কি না, সেটা আমাদের পক্ষে জানা সম্ভব না। কিন্তু বাসাবাড়িতে বা নির্মাণাধীন বাড়িতে বা বাসার ফুলদানি-টব-টায়ারে মশার বিস্তার হয়, সেটা আমরা জানি। এ ধরনের সমস্যাগুলো সমাধানের জন্যই বছরব্যাপী মশক নিয়ন্ত্রণ কার্যক্রমের কার্যক্রমের অংশ হিসেবে এখন থেকে ঢাকাবাসীর জন্য অনলাইনে আবেদনের ভিত্তিতে মশার প্রজননস্থলে কীটনাশক ছিটানোর উদ্যোগ নিয়েছি। আশা করি, এর মাধ্যমে ঢাকাবাসীকে ডেঙ্গুর প্রকোপ থেকে মুক্তি দিতে পারব। গতকাল বুধবার নগর ভবনে অনলাইনের মাধ্যমে মশার প্রজননস্থলে কীটনাশক ছিটানো সেবা প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন মেয়র। সেবা পেতে সেবাগ্রহীতাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ওয়েব পোর্টাল www.dscc.gov.bd এর নির্দিষ্ট লিংকের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। পাঁচটি ক্যাটাগরিতে সেবা গ্রহণ করা যাবে এবং সেবাগ্রহীতাকে নির্দিষ্ট পরিমাণ অর্থ সেবামূল্য হিসেবে প্রদান করতে হবে। আবেদনের পর তিন কার্যদিবসের মধ্যে এই সেবা প্রদান কার্যক্রম সম্পন্ন করা হবে।