জুনে ৩৬ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

আপডেট : ০১ জুলাই ২০২০, ২২:২৫

বিজিবির মাসব্যাপী অভিযান

ইত্তেফাক রিপোর্ট

দেশের সীমান্তসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে জুন মাসে ৩৬ কোটি ৮০ লাখ ৩৯ হাজার টাকার চোরাচালানের পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এছাড়া মাদক পাচার ও অন্যান্য পণ্য চোরাচালানে জড়িত অভিযোগে ২৮২ এবং অবৈধভাবে সীমান্ত পার হওয়ায় আট বাংলাদেশি ও এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ৫ লাখ ৮৯ হাজার ৩৪৩টি ইয়াবা, ৪০ হাজার ৩১ বোতল ফেনসিডিল, ৩ হাজার ৮২৫ বোতল বিদেশি মদ, ৩৬০ ক্যান বিয়ার, ১ হাজার ৪১৬ কেজি গাঁজা, ১ কেজি ২১০ গ্রাম হেরোইন, ৯ হাজার ১২৫টি উত্তেজক ইনজেকশন, ২ হাজার ২৮৫টি অ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট এবং ১ লাখ ৩৬ হাজার ৬০০টি অন্যান্য ট্যাবলেট।

তিনি জানান, জব্দকৃত অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে চার কেজি ৫৪০ গ্রাম স্বর্ণ, ৩৯ কেজি ৬২০ গ্রাম রুপা, ৩ হাজার একটি ইমিটেশনের গহনা, ২৫ হাজার ৯৬৫টি প্রসাধনসামগ্রী, ৬২৭টি শাড়ি, ৪২৭টি থ্রিপিস/শার্টপিস, ৭০টি তৈরি পোশাক, একটি কষ্টিপাথরের মূর্তি, ১ হাজার ২৬০ ঘনফুট কাঠ, ২৬ হাজার ৬৮৭ কেজি চা-পাতা, চারটি ট্রাক, তিনটি পিকআপ, ১০টি সিএনজি/ইঞ্জিনচালিত অটোরিকশা ও ৬৭টি মোটরসাইকেল। এছাড়া একটি বন্দুক, একটি এলজি ও তিন রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।