হংকংয়ে চীনের জারি করা বিতর্কিত একটি আইনে পুলিশ প্রথমবারের মতো গ্রেফতার করতে যাওয়ায় সংঘর্ষ হয়েছে। প্রতিবাদকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও মরিচের গুড়ো ব্যবহার করা হয়েছে। ছুরি মারা হয় একজন পুলিশের হাতে। খবর রয়টার্স ও বিবিসির
মঙ্গলবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কর্তৃক হংকং নিরাপত্তা আইনে স্বাক্ষরের পর বুধবার হংকংয়ে বিক্ষোভে নামে গণতন্ত্রপন্থিরা। তারা ১৯৯৭ সালে ব্রিটেন কর্তৃক চীনের কাছে তত্কালীন উপনিবেশ হংকংকে হস্তান্তরের বার্ষিকী পালন করে। হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নামে। তারা হংকংয়ের স্বাধীনতার দাবি জানায়। সেথ নামে ৩৫ বছর বয়সী এক বিক্ষোভকারী জানান, আমি জানি যে আমি জেলে যেতে পারি। কিন্তু তারপরও ন্যায়বিচারের জন্য আমি বাইরে এসে বিক্ষোভে অংশ নিয়েছি। হংকং নিরাপত্তা আইন ভঙ্গ করলে দশ বছর থেকে যাবজ্জীবন কারাদ্ল হবে।
১৮০ জনেরও বেশি লোককে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে সাতজনকে করা হয়েছে নতুন আইনের আওতায়। হংকংয়ের স্বাধীনতা চেয়ে ব্যানার ধরার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে। হংকংয়ের নির্বাহী প্রধান ক্যারি ল্যাম বলেছেন, জাতীয় নিরাপত্তা আইন লঙ্ঘন করা হলে তাদের কিছু কিছু অধিকার বাতিল করা হতে পারে।
