নথি ছিঁড়ে বাজেট প্রত্যাখ্যান করলেন বিএনপির এমপিরা

আপডেট : ০১ জুলাই ২০২০, ২২:৪৩

নতুন অর্থবছরের প্রথম দিনে বাজেটের নথি ছিঁড়ে তা প্রত্যাখ্যান করেছেন বিএনপির সংসদ সদস্যরা। দলটির পাঁচ জন সংসদ সদস্য গতকাল বুধবার সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে দাঁড়িয়ে নথি ছিঁড়েন।

সংসদ সদস্য ভবনের (ন্যাম ফ্ল্যাট) উলটা পাশে সংসদ ভবনের ফটকের বাইরে প্ল্যাকার্ড নিয়ে ‘বাজেট প্রত্যাখ্যান’ কর্মসূচিতে অংশ নেন বিএনপির এমপিরা। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুনুর রশীদ, বগুড়া-৪ আসনের  মোশাররফ হোসেন, বগুড়া-৬ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম ও সংরক্ষিত আসনের ব্যারিস্টার রুমিন ফারহানা অংশ নেন।

সেখানে লিখিত বক্তব্যে রুমিন ফারহানা বলেন, বাজেট অধিবেশন সংসদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিবেশন। করোনার কারণে এবারের বাজেট অধিবেশন অতি সংক্ষিপ্ত করতে চেয়েছে সরকার। আমাদের পক্ষ থেকে এই অধিবেশন ডিজিটাল বা ভার্চুয়ালি করার প্রস্তাব দিলেও তা গ্রহণ করা হয়নি।

লিখিত বক্তব্যে আরো বলা হয়, রাষ্ট্রের ৯০ শতাংশ নাগরিকের কল্যাণের কথা, মহামারিতে মানুষকে চিকিত্সা ও ভরণপোষণ দিয়ে বাঁচিয়ে রাখার কথা এ বাজেটে আসেনি। একটা অনির্বাচিত, জনগণের কাছে ন্যূনতম জবাবদিহিতাহীন, আমলাচালিত, ক্রোনি ক্যাপিটালিস্ট সরকারের কাছে এমন বাজেটই প্রত্যাশিত।

বিএনপির এমপি হারুনুর রশীদ বলেন, ‘দেশে যারা সংকট নিরসনে পরামর্শ দিচ্ছেন, তাদের তুচ্ছতাচ্ছিল্য করা হচ্ছে। এই সংসদে স্বাস্থ্য খাতের বেহাল দশা নিয়ে সর্বপ্রথম আমি স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চেয়েছি।’