করোনার মধ্যেও জঙ্গিরা প্রচার চালাচ্ছে —ডিএমপি কমিশনার

আপডেট : ০২ জুলাই ২০২০, ০০:৫৩

ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেছেন, জঙ্গিরা বসে নেই। করোনা পরিস্থিতির মধ্যেও প্রচার চালাচ্ছে তারা। গতকাল বুধবার সকালে গুলশানের হলি আর্টিজানে নিহতদের শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, করোনার কারণে মানুষ বেশির ভাগ সময় ঘরে থাকছে। অনলাইনে বিভিন্ন সাইট ভিজিট করছে। এসব কর্মকাণ্ড জঙ্গিরাও করছে। তারা হামলা করার চেষ্টা করছে। বিশেষ করে পুলিশ সদস্যদের ওপর কীভাবে হামলা করা যায় সে পরিকল্পনায় তারা ব্যস্ত। তবে পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনী বসে নেই। যেখানেই জঙ্গি তত্পরতা সেখানেই অভিযান চালানো হচ্ছে।

অতীতে পুলিশের ওপর হামলা হয়েছে উল্লেখ করে কমিশনার বলেন, জঙ্গিরা এখনো হামলার জন্য নানা কৌশল অবলম্বন করছে। সেজন্য আমরাও বসে নেই। সেভাবে গোয়েন্দা কার্যক্রম ঢাকাসহ দেশব্যাপী অব্যাহত আছে। জঙ্গিরা যেখানেই থাকুক, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেন, হলি আর্টিজানের জঘন্য হত্যাকাণ্ডের ঘটনায় আমরা নিরপেক্ষ তদন্ত করেছি। তদন্তে যারা হামলা করেছে, পরিকল্পনায় ছিল, অর্থের জোগানদাতা তাদের সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনা হয়েছে। এরই মধ্যে এ ঘটনায় চার্জশিট দেওয়া হয়েছে। ভবিষ্যতে যেন এ ধরনের হামলা জঙ্গিরা না করতে পারে সেজন্য আমরা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি।