উত্তরাঞ্চলে পানিবন্দি মানুষের পাশে দাঁড়ান —জি এম কাদের

আপডেট : ০২ জুলাই ২০২০, ০০:৫৪

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, করোনা ভাইরাসের কারণে দেশবাসী এমনিতেই পর্যুদস্ত। দুঃসময় কাটাচ্ছে মানুষ। ভয়ভীতি ও অর্থনৈতিক মন্দায় সবাই অস্থির। এর মধ্যে উত্তরবঙ্গের সব নদনদীর পানি বেড়েছে। তিস্তা ও ধরলা নদীর পানি অতি দ্রুত বাড়ছে। নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে, চরাঞ্চল ডুবে গেছে। পানিবন্দি মানুষের মধ্যে খাদ্য ও চিকিত্সার অভাব দেখা দিয়েছে। মাথা গোঁজার ঠাঁইয়ের জন্য ছোটাছুটি করছে তারা। গতকাল বুধবার এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।

জি এম কাদের বলেন, ‘করোনার কারণে আমরা পানিবন্দি দুর্গত মানুষকে দূরে সরিয়ে রাখতে পারি না। উত্তরাঞ্চলের পানিবন্দি মানুষের জন্য আমাদের চিন্তা করতে হবে। সরকার যেন পানিবন্দি মানুষের পাশে দাঁড়ায় এবং যথাযথ সাহায্য-সহযোগিতা করে। কারণ এই মুহূর্তে দুর্গত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব। দেশের বিত্তবান মানুষ, রাজনৈতিক দলও যেন তাদের পাশে দাঁড়ায়।