মাস্ক, পিপিই ক্রয়ে দুর্নীতি

পাঁচ ব্যবসায়ীকে দুদকে তলব

আপডেট : ০২ জুলাই ২০২০, ০০:৫৪

নিম্নমানের মাস্ক, পিপিই ও অন্যান্য স্বাস্থ্য সরঞ্জাম কেনায় দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে পাঁচটি প্রতিষ্ঠানের পাঁচ কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার দুদকের পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী স্বাক্ষরিত এক চিঠিতে তাদের ৮ ও ৯ জুলাই ঢাকার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।

তলবি নোটিশপ্রাপ্তরা হলেন, মেসার্স জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, তমা কনস্ট্রাকশন অ্যান্ড কোম্পানি লিমিটেডের সমন্বয়কারী (মেডিক্যাল টিম) মতিউর রহমান, এলান করপোরেশন লিমিটেডের চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিন, মেডিট্যাক ইমেজিং লিমিটেডের পরিচালক হুমায়ুন কবির এবং ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালের চেয়ারম্যান ও লেক্সিকোন মার্চেন্ডাইজ এবং টেকনোক্র্যাট লিমিটেডের মালিক মো. মোতাজ্জেরুল ইসলাম মিঠু।

দুদক সূত্র জানায়, করোনায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিভিন্ন হাসপাতাল সংশ্লিষ্টদের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। দৈনিক ইত্তেফাকসহ দেশের বিভিন্ন গণমাধ্যমে এ সংক্রান্ত প্রতিবেদন প্রচারিত হয়। কমিশন দৈনিক ইত্তেফাকের একটি প্রতিবেদন আমলে নিয়ে প্রাথমিকভাবে যাচাইবাছাই করে। এরপর অনুসন্ধান টিম গঠন করে।