গাজীপুরে মুক্তিপণের দাবিতে অপহূত দুই শিশু উদ্ধার গ্রেফতার ২

আপডেট : ০২ জুলাই ২০২০, ০০:৫৭

গাজীপুরে অপহূত দুই শিশুকে বুধবার দুপুরে উদ্ধার এবং দুই অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- গাজীপুর সিটি করপোরেশনের সালনার পলাশটেক এলাকার মিল্টন মাসুদ (৩৫)  এবং একই এলাকার আকাশ (২৮)।

উদ্ধার হওয়া শিশুরা হলো- মুন্সীগঞ্জের গজারিয়া থানার আলিপুরা গ্রামের মো. মজিবুর রহমান বাদলের ছেলে রিয়াদ হাসান পারভেজ (১২) ও গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বড়াইয়া গ্রামের মোসলেম উদ্দিন খানের ছেলে হাসিবুল হাসান অভি (১০)। অপহূত শিশুদের পরিবার গাজীপুর সিটি করপোরেশনের পশ্চিম বিলাসপুর এলাকায় পাশাপাশি বাড়িতে বসবাস করে।

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ওসি মোহাম্মদ আলমগীর ভুঁইয়া জানান, অপহূত ঐ দুই শিশু একই ক্লাসে লেখাপড়া এবং খেলাধুলা করে। মঙ্গলবার সকালে তারা ফল কিনতে বাসার পার্শ্ববর্তী জয়দেবপুর বাজারে যায়। এ সময় শিশু পারভেজের বাবা গ্রেফতারকৃতদের কাছে টাকা পাবে এবং ঐ টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে দুই শিশুকে কৌশলে অপহরণ করে তারা। পরে অপহরণকারী মিল্টন মাসুদ মোবাইল ফোনে মজিবুর রহমানের নিকট পারভেজ ও তার বন্ধুকে অপহরণের কথা জানিয়ে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পুলিশ প্রযুক্তির মাধ্যমে আসামি অবস্থান নিশ্চিত হয়ে বুধবার গাজীপুর শহরের কালা শিকদারেরঘাট এলাকায় অভিযান চালিয়ে ঐ দুই শিশুকে উদ্ধার এবং মিল্টন মাসুদকে আটক করে।