গাজীপুরে বেঙ্গল বি লিমিটেড নামীয় কোম্পানির প্রায় ১২ লাখ টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের ব্যাটারি চুরির ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন যশোর জেলার বেনাপোলের নারায়ণপুরের ট্রাকচালক বাদশা সরদার (২২), ঢাকার আশুলিয়া থানার কুরগাঁ নতুনপাড়া এলাকার শাকিল (৩৪), ফরিদপুরের মধুখালী থানার দাড়িরপাড়া এলাকার ওহাব আলী মোল্লার ছেলে বাবলুর রহমান (৩৮) ও নীলফামারী জেলার ডিমলা থানার নিজসুন্দরখাতা এলাকার মাহবুবুর রহমানের ছেলে আলমগীর হোসেন (২৭)।
এ সময় তাদের কাছ থেকে চুরি যাওয়া ব্যাটারি বিক্রির ৩ লাখ ৫৩ হাজার টাকা, অবিক্রীত ৫৫টি ব্যাটারি ও ঘটনায় ব্যবহূত একটি ট্রাক উদ্ধার করা হয়েছে।
বুধবার দুপুরে গাজীপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) এ টি এম জহিরুল ইসলাম জানান, গত ২৪ জুন রাতে শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকার বেঙ্গল বি লিমিটেড নামক ব্যাটারি কারখানা থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১৫০টি ব্যাটারি নিয়ে কুষ্টিয়া যাওয়ার পথে কোম্পানির প্রতিনিধিকে রেখেই ট্রাক নিয়ে চালক টাঙ্গাইলের দিকে চলে যায়। ২৫ জুন কালিয়াকৈর থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের নেতৃত্বে গোয়েন্দা পুলিশ ও কালিয়াকৈর থানার পুলিশ বিভিন্ন স্থানে যৌথভাবে অভিযান চালিয়ে চুরির সঙ্গে সরাসরি জড়িত চার ব্যক্তিকে গ্রেফতার এবং চুরি যাওয়া ব্যাটারি বিক্রির ৩ লাখ ৫৩ হাজার টাকা এবং অবিক্রীত ৫৫টি ব্যাটারি ও চুরির কাজে ব্যবহূত ট্রাকটি উদ্ধার করা হয়।
